চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্টের ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত বিদ্যুৎ যোগ হয়েছে জাতীয় গ্রিডে।
দেশি-বিদেশি অর্থায়নে দেশের প্রথম বৃহৎ বেসরকারি খাতের তাপবিদ্যুৎ কেন্দ্রটির মালিক এস. আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজির মালিকানাধীন এসএস পাওয়ার। বিদ্যুৎকেন্দ্রটি গত ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজেন (যুক্ত) হয়। দুই ইউনিটের এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ২৪ মে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত ২৮ জুন।
এ প্রসঙ্গে এসএস পাওয়ার প্ল্যান্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘আজ (গতকাল) আমাদের দেশের মানুষের জন্য খুবই খুশির একটি দিন। এই বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।’
সংশ্লিষ্ট সূত্রমতে, ২৮ হাজার কোটিরও বেশি ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি একক বিনিয়োগ হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।
এ ছাড়া বেসরকারি প্রকল্পে বিদেশি বিনিয়োগেও রেকর্ড করেছে এস. আলম গ্রুপ। প্রকল্পটিতে শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি এস. আলমের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।
কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালুর ফলে স্থানীয় শিল্প-কারখানার প্রসার, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নতির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নতুন মাত্রা যুক্ত হবে।
অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের তুলনায় এসএস পাওয়ার প্ল্যান্টে সাশ্রয়ে বিদ্যুৎ পাওয়া যাবে। এটি পুরোপুরি উৎপাদনে থাকলে দৈনিক প্রায় ২.৯৩ কোটি ইউনিট ও মাসে প্রায় ৮৮ কোটি ইউনিটের মতো বিদ্যুৎ সরবরাহ করা যাবে জাতীয় গ্রিডে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সইয়ের পর ২০১৬ সালে এসএস পাওয়ার প্ল্যান্টের কাজ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এরপর কার্যক্রম শুরুর পর অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় খুব দ্রুতই সফলভাবে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এসএস পাওয়ার প্ল্যান্ট।