ঢাকার আদালত এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা ও মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় আগাম জামিন পেয়েছেন ১৩ আইনজীবী। গতকাল সোমবার এই ১৩ জন হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শওকত আলী চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।
আদালতে এই আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, জয়নুল আবেদিন ও সুব্রত চৌধুরী। জামিন পাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।