ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদের বিরুদ্ধে আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে জমা দেওয়া হবে।
গতকাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘আমাদের যে প্রাপ্ত প্রতিবেদন সেটা তারা আমাদের কমিশনার বরাবর দাখিল করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিশনার যে ব্যবস্থা গ্রহণ করার সেটা তিনি গ্রহণ করবেন। অথবা আমাদের আইজিপি যিনি আমাদের পুলিশ বাহিনীর অভিভাবক তার কাছে প্রেরণ করবেন।’
এদিকে পুলিশের করা প্রতিবেদনে উঠে এসেছে, স্ত্রী সানজিদা গিয়েছে জেনে ছাত্রলীগ নেতাদের নিয়ে হাসপাতালে যান আজিজুল হক মামুন। সেখানে গিয়ে দেখা হয় এডিসি হারুনের সঙ্গে। পরে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। একপর্যায়ে হারুন ও সানজিদা ঢুকে পড়েন হাসপাতালের ইটিটি রুমে। পরে শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধর করেন হারুন ও তার সহযোগীরা।
এ ছাড়াও তদন্ত প্রতিবেদনে এডিসি হারুন ও এডিসি সানজিদা আফরিনসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।