৬০০ কোটি ডলারে ৫ মার্কিনকে মুক্তি দিলো ইরান

ইরানে বছরের পর বছর ধরে কারাগারে বন্দি ও জিম্মি হিসাবে বিবেচিত পাঁচ মার্কিন নাগরিক মুক্তি পেয়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ৬০০ কোটি ডলারও ফিরে পাচ্ছে দেশটি। ইতোমধ্যে এই অর্থ কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ হাজার কোটিরও বেশি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই পাঁচ মার্কিন নাগরিক ফ্লাইটে রয়েছেন। মুক্তি পেয়ে তারা মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং ওয়াশিংটনের পথে রওনা হন। যুক্তরাষ্ট্রের দাবি, রাজনৈতিক সুবিধার জন্য ভিত্তিহীন অভিযোগে তাদের পাঁচ নাগরিককে কারারুদ্ধ করেছিল ইরান।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের পাঁচ জন করে মোট ১০ জন কারাবন্দীকে মুক্তি দেবে। সে হিসাবে ক্ষমা পাচ্ছে পাঁচ ইরানি নাগরিকও। তবে তাদের সবাই ইরানে ফিরবে বলে আশা করা যাচ্ছে না। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন হয়েছিল।