পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে। আমরা সতর্ক আছি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফলক উন্মোচন করে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর একাডেমি ভবনের সামনে চত্বরে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই এখন সাইবার রিলেটেড ক্রাইমের জন্য আইন আছে। কানাডাতে আইন আছে সোশ্যাল মিডিয়াতে কোন নিউজ শেয়ার করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা দরকার সেটাই করা হবে। যেটা মানুষকে নিরাপদ রাখতে সহায়তা করে, মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে আমরা সেটা করে যাচ্ছি।’
রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় ১৯৯৫ সালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের ৯ জুন রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়। ২০১৬ সালের ২৪ নভেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ২০২৩ সালের ৩০ জুন নির্মাণ কাজ সমাপ্ত হয়।