রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপ চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। গতকাল মঙ্গলবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) অংশীদারত্ব সভা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ প্রায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আতিথ্য করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, এটা বোঝা অপরিহার্য যে, এ সমস্যার (রোহিঙ্গা আগমন) ভার বাংলাদেশের কাঁধেই শুধু বর্তানো উচিত নয়।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, আইএফআরসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এগনেস ধুর ও বিডিআরসিএস মহাসচিব কাজী শফিকুল আজম বক্তব্য রাখেন। বাসস।