সেচের পানি নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে মো. এনামুল হক (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে গতকাল সকালে উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধের জেরে এনামুল হককে দা দিয়ে কুপিয়ে জখম করে স্থানীয় জমসেদ আলীর ছেলে ও তার পরিবারের লোকজন।

ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়াকে কেন্দ্র করে সকালে কৃষক এনামুল হকের সঙ্গে বাগবিত-ায় জড়ান স্থানীয় জমসেদ আলীর ছেলে মিজানুর রহমান। ঘটনার একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হলে কৃষক এনামুল হককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন মিজানুর রহমান। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কৃষক এনামুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।