বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : বশর

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতা ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। তিনি বলেছেন, ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দেশের মানুষ কষ্টে আছে। এর দায় বাণিজ্যমন্ত্রী এড়াতে পারেন না। তার উচিত অন্তত কয়েকজন সিন্ডিকেট ব্যবসায়ীকে গ্রেপ্তার করা।’ গতকাল মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু। জামায়াত এ দেশের শত্রু। আমার দলের মামলায় জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। জামায়াতের সাংগঠনিক কার্যক্রম বন্ধের জন্য আমার দল মামলা করে। কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম কীভাবে চলছে। জামায়াতের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হকের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। আমি সেই জায়গা থেকে তাকে সরে আসার অনুরোধ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমা বিশ্ব বিএনপির পক্ষে অবস্থান নেয়নি, কৌশলগত কারণে সরকারকে চাপে রাখতে চাইছে, যা সহসা সমাধান হয়ে যাবে।’