১৫ রানের পর এবার ২২-এ অলআউট মঙ্গোলিয়া

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচেই গতকাল মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়া। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেই দলটাই গুটিয়ে গেছে মাত্র ২২ রানে।

হাংজুতে আজ প্রথমে ব্যাট করতে হংকংয়ের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রানের পুঁজি গড়ে। জবাবে মঙ্গোলিয়া ১৪.৩ ওভারে মাত্র ২২ রানেই গুটিয়ে যায়। দলের কোনো ব্যাটার দুই অঙ্কের স্কোর গড়তে পারেনি। পাঁচজন আউট হয়েছেন শূন্য রানে।

গতকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে অলআউট হয় মঙ্গোলিয়ার মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইন্দোনেশিয়া করেছিল ৪ উইকেটে ১৮৭ রান। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মঙ্গোলিয়া। ৯ রানের মধ্যে টপ অর্ডারের ৬ জন আউট হওয়ার পর মঙ্গোলিয়া ১০ ওভারে ১৫ রান করে অল আউট হয়।

এই ম্যাচে মঙ্গোলিয়ার সাতজন ব্যাটার শূন্য রানে আউট হন। ১৫ রানের মধ্যে অতিরিক্ত হিসেবে আসে ৫ রান। সর্বোচ্চ রান ওপেনার বাতজারগার ইছিনখোরলোর (৫)। মঙ্গোলিয়ার মাত্র চারজন ব্যাটার স্কোরবোর্ডে খাতা খুলতে পেরেছেন। ইন্দোনেশিয়া এই ম্যাচে জেতে ১৭২ রানে। আর আজ হংকং জিতেছে ১৮০ রানে।