শুধু বাংলাদেশের ওপর পশ্চিমাদের চাপ নয়, পশ্চিমাদের ওপরেও বাংলাদেশের চাপ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, আমরা স্বাধীন হয়েছি যুদ্ধ করে, আলোচনার টেবিলে স্বাধীন হইনি। এই দেশ অন্যদেশের কথায় চলবে না, জনগণের কথায় এবং সংবিধানের নিয়মে চলবে।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রামে চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধনকালে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। এরপর কুঞ্জলতা নামের ফেরিটি ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে চলাচল শুরু করে।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না। এ ছাড়া অন্যান্য যানের ক্ষেত্রে ভাড়া শতকরা ১৫ শতাংশ কমানো হয়েছে। আজ থেকে ফেরি চলাচলের কারণে ব্রহ্মপুত্রবিধৌত রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি কমে আসবে। চিলমারী-রৌমারী ও রাজিবপুর নয়, কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে, যাতায়াত খরচও কমে যাবে। পরবর্তীতে আরও একটি ফেরি এ রুটে যুক্ত হবে। ওই ফেরি রুটের নাব্যতা বজায় রাখার জন্য দুটি ড্রেজার থাকবে। ফেরি সার্ভিস চলাচলের মধ্যদিয়ে নদীপথে যোগ হলো যোগাযোগের নতুন মাত্রা।
জানা গেছে, রৌমারী-চিলমারী নৌ পথে ভাড়া কমানোর একটা দাবি রেখেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বসাধারণের সুবিধার জন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তাবিত ভাড়া থেকে কমিয়ে সিএনজিচালিত ট্যাক্সি ও অটোরিকশার ভাড়া ৬৬০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা, মোটরসাইকেল ২২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, সাইকেল ১২০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা এবং জনসাধারণের জন্য প্রস্তাবিত ৮০ টাকা ভাড়া কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।