ইংরেজীর মতো বাংলায় মেইলিং এড্রেস প্রবর্তনের আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে বাংলাদেশে শাখা অফিস স্থাপনের পাশাপাশি ডাটা সেন্টার প্রতিষ্ঠা, ডাটা নিরাপত্তা প্রদান, বাংলা ভাষার উৎকর্ষতার প্রতি গুরুত্বারোপ ও ইংরেজীর মতো বাংলায় মেইলিং এড্রেস প্রবর্তনের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার ঢাকায় সচিবালয়ে নিজ কার্যালয়ে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভার্নমেন্ট এফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার ক্যালি গার্ডনারের সাক্ষাতকালে মন্ত্রী এ আহ্বান জানান।

সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে গুগলের নিরাপদ ব্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ, বাংলা ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ গুগলকে আরও জনবান্ধব করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

টেলিযোগাগাযোগ মন্ত্রী বলেন, গুগলকে নানা তথ্য উপাত্তের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে মানুষ। ২০০৮ সালে শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণের ফলে গুগলসহ অন্যান্য প্রযুক্তি মানুষের জীবন ধারা পাল্টে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বে ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য গুগলকে বাংলা ভাষায় অধিকতর তথ্য উপাত্ত, প্রযুক্তিগত বিভিন্ন সেবা, বাংলায় প্রচলিত অনুবাদসহ বাংলা ভাষার অধিকতর শুদ্ধতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেয়া দরকার। এতে গুগল আরও লাভবান হবে।

শিক্ষার ডিজিটাল রূপান্তরে টেক্সট বুকসমূহের ডিজিটাল কনটেন্ট তৈরিতে প্রশিক্ষণে গুগলের সহযোগিতা কামনা করেন শিক্ষার ডিজিটাল কনটেন্ট তৈরির পথ প্রদর্শক মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে ইতোমধ্যে দেশের ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি চালু করা হয়েছে। আরও এক হাজারটি বিদ্যালয়ে চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মন্ত্রী অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ বির্তকিত কনটেন্ট অপসারণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে এ ব্যাপারে গুগলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ক্যালি গার্ডনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গ্যাপ নিরসনে গুগল যে কোনো পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়ে এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করে। মন্ত্রী গুগলকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।