ইংল্যান্ড সিরিজে গত শুক্রবার জো রুটের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান টিম সাউদি। তার আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। এজন্য তার অস্ত্রোপচার করা হবে। তাতে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে অনিশ্চিত হয়ে পড়েছেন এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ জানিয়েছে, আগামীকাল টিম সাউদির আঙুলে অস্ত্রোপচার করা হবে। এরপরই ঠিক করা হবে সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না। আগামী সপ্তাহের শুরুর দিকেই এ নিয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অবশ্য বিশ্বকাপের আগেই ৩৪ বছর বয়সী সাউদির ফিট হয়ে ওঠার আশায় দিন গুনছেন, ‘টিমের অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
স্টিড জানিয়েছেন, সাউদির বুড়ো আঙুলে পিন কিংবা স্ক্রু ঢোকানো হবে, ‘তাকে এই প্রক্রিয়ায় (অস্ত্রোপচার) নিয়ে যাওয়াটাও সফলতা। আমরা নিশ্চিত করতে চাই টিম অনুশীলন ও খেলায় ফেরার আগেই যেন ব্যথা সহ্য করে চোট থেকে সেরে উঠতে পারে।’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের বাকি মাত্র দুই সপ্তাহ। গ্যারি স্টিড আশা করছেন, তার আগেই ফিট হয়ে দলে ফিরবেন ৩৪ বছর বয়সী সাউদি এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে। নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়ক সাউদি ওয়ানডে সংস্করণের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্টিড, ‘টিম খুবই অভিজ্ঞতাসম্পন্ন এবং দলে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে সে যেন খেলতে পারে, সে জন্য আমরা তাকে সব রকম সুযোগই দিতে চাই।’