দাদা সাহেব ফালকের বায়োপিক আনছেন রাজামৌলি

বিশ্বব্যাপী ‘আরআরআর’-এর সাফল্যের পর এবার আসছে এসএস রাজামৌলির নতুন প্রজেক্ট। গত ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে এই খবর জানিয়েছেন তিনি। ভারতীয় সিনেমার জনক দাদা সাহেব ফালকের জীবনী নিয়ে সিনেমা করছেন রাজামৌলি। আসন্ন ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’। ছবিটি রাজামৌলির হাত ধরে এলেও এর পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নীতিন কক্কর। টুইটারে সিনেমার টিজার শেয়ার করে রাজামৌলি লিখেছেন, ‘যখন আমি প্রথমবার সিনেমাটির বর্ণনাটি শুনেছিলাম, তখনই তা আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল। এমনিতেই বায়োপিক বানানো কঠিন, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনককে নিয়ে তাহলে তা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা এর জন্য প্রস্তুত। অত্যন্ত গর্বের সঙ্গে, ‘‘মেড ইন ইন্ডিয়া’’ উপস্থাপন করছি।’ ছবিটি হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। তবে ছবিটিতে কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।