গাজীপুরের কালিয়াকৈরে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। গতকাল বুধবার বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ রংপুরের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার রশিদ মিয়ার ছেলে শাহীন আলম (২৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাটোয়া মোহন এলাকার গ্রামের বাদশা মিয়ার মাহবুব হোসেন (২৭)। আহত ব্যক্তির নাম মহসিন আলী (৩৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই তিনজন সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ঠিকাদার মিজানুর রহমানের অধীনে রাজমিস্ত্রির কাজ করেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে সফিপুর পূর্বপাড়া এলাকার শামসুল আলমের ছয়তলা ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং বাঁশ খুলতে দুজন নিচে নামেন। কিন্তু ওপরে না ওঠায় আরেক শ্রমিক ট্যাংকের ভেতরে যান। তিনিও আর ওপরে উঠে আসেননি। তাদের ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ওই ট্যাংকের ভেতরে তৈরি বিষাক্ত গ্যাসে তিনজন জ্ঞান হারান এবং দুজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, নির্মাণাধীন ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরেক শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।