সাঁথিয়ার সেই মাদ্রাসা সুপারের মামলা নেননি ওসি!

পাবনার সাঁথিয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে মাদ্রাসা সুপারকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করতে গেলে ওসি দরখাস্ত গ্রহণ করেননি। অবশ্য ওসি এ অভিযোগ অস্বীকার করেছেন।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সাঁথিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুল বারীকে সাঁথিয়া পৌরসভা মেয়র মাহবুবুল আলম বাচ্চু এবং তার সাঙ্গপাঙ্গরা পৌরসভায় মেয়রের কক্ষে ডেকে নিয়ে লাঞ্ছিত করে। গতকাল বুধবার মাদ্রাসা সুপার মো. আবদুল বারী এ ব্যাপারে অভিযোগ দাখিল করার জন্য সাঁথিয়া থানায় গেলে থানার ওসি রফিকুল ইসলাম তার দরখাস্ত গ্রহণ করেননি। গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন বলে জানান।

আবদুল বারী দেশ রূপান্তরকে জানান, তিন দিন চিকিৎসা নেওয়ার পর আমি স্বজনদের পরামর্শে মামলা করার সিদ্ধান্ত নিই। এ বিষয়ে আলাপ করতে ইউএনও সাহেবের কাছে গেলে তিনি মামলা করার ব্যাপারে নিরুৎসাহিত করেন। পরে থানায় মামলা করতে গেলে ওসি দরখাস্ত বা এজাহার গ্রহণ করেননি। তিনি এ বিষয়ে পরে যোগাযোগ করতে বলেছেন।

অবশ্য সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মামলা না নেওয়ার অভিযোগ সত্য নয়। ভুক্তভোগী থানায় এসে কথাবার্তা বলে চলে গেছেন। তাকে লিখিত অভিযোগ আনতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই মামলা নথিভুক্ত করা হবে।