জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক সচিব কবির বিন আনোয়ার। মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন।
রোড স্মার্ট বাংলাদেশ কর্মসূচির ব্যাপারে কবির বিন আনোয়ার বলেন, দেশকে ১২টি ভাগে ভাগ করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। সারাদেশের অফলাইন ক্যাম্পেইনে সাংগঠনিক সহযোগী হিসেবে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের।
এবারের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অদ্য বাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতিজন ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে।