চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্পর্কের বন্ধন ছিন্ন এবং মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের নতুন কাজে ফিরছেন নায়িকা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন রেজা ঘটক। নতুন অধ্যায়ে পরীর নায়ক হচ্ছেন সাইমন সাদিক।
গত ১৭ সেপ্টেম্বর ছবিটিতে পরী ও সাইমন দুজনেই চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সাইমনের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ হলো আজই (২১ সেপ্টেম্বর)।
এই ছবিতে সাইমন অভিনয় করবেন রায়হান নামের এক ফটোগ্রাফারের ভূমিকায়। ছবিটি নিয়ে তার ভাষ্য, ‘অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসমৃদ্ধ গল্প। আমার বিশ্বাস পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরাও চেষ্টা করবো শতভাগ দিতে।’
অন্যদিকে পরীর চরিত্রের নাম কাজল চৌধুরী। তিনি বলেন, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘ডোডোর গল্প’। এটি প্রযোজনা করছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং-সম্পাদনা সেরে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।