এক কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার দায়ে এক পুলিশ পরিদর্শককে (বরখাস্ত) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এ রায় দেন। একই রায়ে তাকে দুই লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় মিজানুরকে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের জানান, ২০১১ সালের ১২ জুলাই নগরের ফয়’স লেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে নগরের চকবাজারে একটি হোটেলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর। এ ঘটনায় ১৬ জুলাই নগরের পাঁচলাইশ থানায় মিজানুরসহ তিনজনকে আসামি করে দুটি মামলা করেন ভিকটিমের বাবা। মামলার বাকি দুই আসামি ওই হোটেলের কর্মচারী।
ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন মিজানুর। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।