নির্বাচন সুষ্ঠু হবে না তাই পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ: এবি পার্টি

সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত একদফা দাবিতে মিছিল ও বিক্ষোভ চলাকালে দলটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

এ সময় এবি পার্টির সদস্য সচিব মজিবর রহমান মঞ্জু বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসে সরকারী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে। সরকার যে একটা একতরফা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সেই কুমতলব তারা বুঝে ফেলেছে। তাই তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে না।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সরকার গোয়ার্তুমি করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার একের পর এক রেড সিগন্যাল অগ্রাহ্য করছে; এর কারণে দেশ ও জনগণের জন্য ভয়াবহ বিপর্যয় আসন্ন।’

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে ও দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, বাংলাদেশ ছাত্র পক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুবনেতা হাদিউজ্জামান খোকন ও নারী নেত্রী সুলতানা রাজিয়া প্রমুখ।