মিলন তমার টিউশন শিক্ষক। একে অপরকে ভালো লাগলেও অনুভূতির কথা বলতে পারে না। মিলনের ভয়, তমার বড়লোক বাবা যদি তার মতো বেকার দরিদ্র ছেলেকে মেনে না নেয়! একদিন হঠাৎ আমেরিকা থেকে এসে উপস্থিত হয় তমার চাচাতো ভাই ফারহান। তমার বাবা কিছুটা আতঙ্কিত এই ভেবে যে, ফারহান হয়তো তার বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। তমার মায়ের বুদ্ধি, তমাকে ফারহানের সঙ্গে বিয়ে দিতে পারলে সব দিক রক্ষা হয়। তবে তমা এই প্রস্তাবে রাজি না। পরিস্থিতি যখন জটিল হয়ে উঠছে তখন ফারহানই তার চাচাকে তমার সঙ্গে মিলনের বিয়ের প্রস্তাব দেয়। ফারহান এতদিন পর তার গ্রামে আসার উদ্দেশ্য সম্পর্কে জানায় : তার ইচ্ছা তার দাদার নামে তাদের গ্রামে একটা কলেজ নির্মাণ করা। তার আরও ইচ্ছা সেই কলেজে শিক্ষকতা করবে মিলন আর কলেজের তদারকি করবে তার চাচা। এ রকমই একটি গল্প নিয়ে আলোকসজ্জার প্রযোজনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হাত রেখেছি তোমার হাতে’। শরিফুজ্জামান সাগরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এবং সাকিল সৈকতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, সাইফুল ইসলাম, শিল্পী সরকার অপুসহ অনেকে। আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে।