কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্কুলে যাওয়ার কথা বলে আইয়ুব আলী (১৩) ও নীরব (১১) নামের দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধানে ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার।
নিখোঁজ স্কুলছাত্র আইয়ুব আলী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামের নুরুন্নবীর ছেলে ও পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নীরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্কুলছাত্র দুজনের চাচা আক্তার আলী বলেন, নিখোঁজ আইয়ুব আলী ও নীরব আমার ভাতিজা। তারা গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েছি আমরা, তারা কোথাও নেই। পরিবার থেকে রাগারাগি করাও হয়নি। হঠাৎ এমনটা হলো কেন আমরা বুঝতে পারছি না।
তারা প্রতিদিন স্কুল শেষ করে টিউশনি করে বাড়ি আসে। স্কুলে খবর নিয়েছি, তারা নাকি স্কুলেও যায়নি। কেউ যদি ভাতিজা দুজনের সন্ধান দিতে পারত আমরা দুশ্চিন্তামুক্ত হতাম।
পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান বলেন, আমি বিষয়টি গতকাল সকালে জানতে পেরেছি। তারা তো গতকাল স্কুলে আসেনি। হয় তো স্কুলের কথা বলে অন্য কোথাও পালিয়েছে।
ভুরুঙ্গামারী থানায় ওসি রুহুল আমিন জানান, দুই ছাত্র নিখোঁজ হয়েছে এমন একটি জিডি পেয়েছি। তাদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। আমরাও চেষ্টা চালাচ্ছি।