ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে ক্রমেই সম্পর্ক অবনতি হচ্ছে ইউক্রেন ও তার প্রতিবেশী মিত্র দেশ পোল্যান্ডের। এবার কূটনৈতিক বিরোধের মধ্যেই ইউক্রেনের প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা দিলেন পোলিশ প্রধানমন্ত্রী।
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। জেলনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘পোলিশ জনগণকে আর কখনও অপমান করবেন না।‘
শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং আল জাজিরা।
কূটনৈতিক উত্তেজনা এতই যে ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত দেশটি কয়েকদিন আগে কিয়েভকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণাও দিয়েছে।
মূলত গত সপ্তাহে পোল্যান্ড ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আর এতেই ক্ষুব্ধ হয় প্রতিবেশী দেশ ইউক্রেন। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জেলেনস্কি মন্তব্য করেন যে, ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে (রাশিয়ার সঙ্গে) সংহতি প্রদর্শন করছে তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে- শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে’।
জেলনস্কির এই মন্তব্যে ক্ষুব্ধ হয় পোল্যান্ড এবং নিন্দা জানিয়ে বলে, ‘পোল্যান্ডকে নিয়ে অযৌক্তিক মন্তব্য করা হয়েছে যারা কিনা যুদ্ধের প্রথম দিন থেকে ইউক্রেনকে সমর্থন করে আসছে।’
এমন পরিস্থিতিতে শুক্রবার পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি একটি নির্বাচনী সমাবেশে বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই, যেন তিনি আর কখনও পোলিশ জনগণকে অপমান না করেন, যেমনটি তিনি সম্প্রতি জাতিসংঘে তার বক্তৃতার সময় করেছিলেন।’
আল জাজিরা জানায়, পোল্যান্ডে আগামী ১৫ অক্টোবর সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই নির্বাচনের আগে নিজেদের ইউক্রেন নীতি নিয়ে মোরাউইকির ক্ষমতাসীন জাতীয়তাবাদী আইন ও বিচার (পিআইএস) পার্টি ডানপন্থিদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছে।