দুর্নীতির অভিযোগ

প্রভাবশালী মার্কিন সিনেটরের পদত্যাগ

ব্যবসায়ীদের থেকে ঘুষ গ্রহণের দায়ে দুর্নীতিতে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা ও দেশটির সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির প্রধান রবার্ট মেনেন্দেজ।

গতকাল শুক্রবার মার্কিন বিচার বিভাগ এ ঘোষণা দেয়। ঘুষ গ্রহণের বিষয়ে তদন্ত শুরুর পর অস্থায়ীভাবে সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

শনিবার এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি নিউজ।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ, রবার্ট মেনেনডেজ এবং তার স্ত্রী মিশর সরকারকে সহায়তার বিনিময়ে কয়েক হাজার ডলার উৎকোচ গ্রহণ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এই দম্পতি।

মেনেনডেজ নিউ জার্সির সিনেটর। নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। তবে সিনেট কমিটির প্রধানের পদ ছাড়লেও সিনেটর পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

নিউজার্সি থেকে নির্বাচিত ৬৯ বছরের এ সিনেটর এর আগেও একবার দুর্নীতিতে অভিযুক্ত হন। অভিযোগে বলা হয়, ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত মেনেন্দেজ ব্যবসা ও আইনি সহযোগিতার জন্য নিউজার্সির তিন ব্যবসায়ীর কাছ থেকে হাজার হাজার ডলার, মার্সিডিজ গাড়ি ও স্বর্ণালঙ্কার উৎকোচ নেন।

মেনেনডেজ ২০০৬ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সালে অভিযুক্ত হওয়ার পর সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তখন তাঁর বিরুদ্ধে সাড়ে ৭ লাখ ডলার অবৈধ অনুদান নেওয়ার অভিযোগ ওঠে। তিন বছর পর অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন।