মাদকাসক্ত ও অবাধ্য হওয়ায় ছেলে হাসানুর রহমান রাসেলকে প্রশাসনের মাধ্যমে ভালো হওয়ার অনুরোধ জানিয়েছেন পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আজিজুর রহমান শিরিষ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের ডেকে এসব কথা জানিয়েছেন তিনি।
আজিজুর রহমান শিরিষ বলেন, গত ১৫ বছর ধরে তার বড় ছেলে রাসেল লেখাপড়া বাদ দিয়ে সমাজের খারাপ মানুষের সাথে মিশে বিভিন্ন অপরাধে জড়িয়ে গেছে। পারিবারিকভাবে তাকে শাসন করা হলেও দিনের পর দিন তার মাত্রাতিরিক্ত আচরণ বেড়েই চলেছে। বিনা অপরাধে মানুষকে মারধর তার নিত্যদিনের রুটিন।
শিরিষ আরও বলেন, গত ৪৮ বছরেরও অধিক সময় ধরে আমি পুবাইলে সম্মানের সহিত জনপ্রতিনিধিত্ব করছি। নেতৃত্ব দেওয়ায় কারণে ছেলের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকার পরেও পারিবারিক শান্তি শৃঙ্খলার জন্য মুখ বুজে সব কিছু ধৈর্য ধরে সামাল দিয়েছি। কিন্তু আর নয়, আমার আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশীদের মারধর, আমার স্ত্রী সহ দুই ছেলেকে প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধে অপরাধী হয়ে মাঠে ময়দানে অপপ্রচার চালাচ্ছে রাসেল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিরিষ বলেন, তার নামে অভিযোগ দেওয়া আছে, ইতিপূর্বে তাকে তিনবার রিহ্যাবে দেওয়া হয়েছে ভুল শুধরানোর জন্য, তাতে সে আরও ক্ষিপ্ত হয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। তার এহেন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দিনের পর দিন বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছে আমাকে।
অবাধ্য ও মাদকাসক্ত হওয়ায় আমি বাবা হয়ে প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের কাছে বড় ছেলে রাসেলের উপযুক্ত শাস্তি ও বিচার চাই। এই সময় তার স্ত্রী ও স্বজনরা উপস্থিত ছিলেন।