বঙ্গোপসাগরে অবস্থান নিশ্চিত করতে ভিসানীতি: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মার্কিন ভিসানীতির আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দোপ্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি।

নাটোরের লালপুরে শনিবার (২৩ সেপ্টেম্বর) আখ চাষি নেতা আব্দুস সালামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। এ জন্য বিদেশিরা নির্বাচন অনুষ্ঠানের জন্য নয়, তা বানচাল করতে আগেভাগেই ভিসানীতি প্রয়োগ করেছে।

মেনন বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখ চাষিদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা। আখ চাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আখ চাষিদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকল আধুনিকীকরণ ও বহুমুখীকরণের মাধ্যমে চিনি উৎপাদন করলে সব চিনিকলও কেরু অ্যান্ড কোম্পানি এর মতো লাভজনক হবে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলের সামনে আব্দুস সালামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের বিচার এখনও সম্পন্ন হয়নি।