ভিসানীতি নিয়ে সরকার নয় বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
সমাবেশে রাজশাহী বিভাগের ৮টি জেলার মাদ্রাসা অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং বিরোধী দলেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন ভিসানীতি নিয়ে বলা হচ্ছে, কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের ভিসা দেবে না। সরকার তো স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের নির্বাচন কমিশনও এমনটা করতে অঙ্গঢীকারবদ্ধ। আমরা এরকম একটা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছি। যারা নির্বাচন ভ-ুল করার কথা ভাবছে, অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে; ভয় পেলে তো তাদের পাওয়ার কথা। সরকারের ওপর চাপ কেন!
নতুন শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন হলে কোচিং নির্ভরতা কমবে। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার ওপর নির্ভরতা কমবে। তবে কোচিং ব্যবসায় ভাটা পড়বে এই ভয়ে নতুন শিক্ষাব্যবস্থার সমালোচনা করা হচ্ছে।
দীপু মনি বলেন, কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়। যে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা আমাদের আছে তা কেরানি পয়দা করার ব্যবস্থা। তবে বর্তমান শিক্ষাব্যবস্থার সেই ধারা থেকে নতুন প্রজন্মকে বের করে আনা হচ্ছে। কোয়ালিটি শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই সারা দেশে ৫৬০টা মডেল মসজিদ হোক কিন্তু সারা দেশে এক দিনে ৫০০ জায়গায় বোমা না ফাটুক। আমরা শান্তি চাই, অগ্নিসন্ত্রাস চাই না। যারা স্বচ্ছতা চায় না তারা হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করে। আমরা উন্নয়ন চাই। হাওয়া ভবন চাই না।