কোটি টাকার সম্পদে স্ত্রীসহ ফাঁসছেন কাস্টমস কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম এবং তার স্ত্রীর প্রায় কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নজরুলের সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে যশোরে ১১৭ দশমিক ২৫ শতাংশ জমি, স্ত্রী সানজিদা আক্তারের নামে ঢাকায় দুটি ফ্ল্যাট, যশোরে একটি একতলা বাড়ি, একটি দোকান ও ৪৭ দশমিক ৫ শতক জমি। গতকাল শনিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ২১ সেপ্টেম্বর কমিশন থেকে একটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের যশোর অফিস থেকে মামলাটি করা হবে। যেকোনো সময় তাদের বিরুদ্ধে দুদকের যশোর অফিস থেকে মামলা করা হবে বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কাপ্তাই সার্কেলে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯৪ সালে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পেয়ে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট, যশোর অফিসে যোগ দেন। পরে ২০১২ সালে পরিদর্শক পদে চলতি দায়িত্ব লাভ করে বেনাপোলে কাস্টম হাউস, খুলনার মোংলা কাস্টম হাউস ও ঢাকা দপ্তরে কর্মরত ছিলেন। ২০১৭ সালের মার্চ মাসে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে রাজশাহী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট এবং সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। নজরুল ইসলাম ও সানজিদা আক্তারের বিরুদ্ধে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের প্রাথমিক অনুসন্ধান শেষে সম্পদ বিবরণী নোটিস জারি হয়। এরপর ২০২০ সালের ৬ ডিসেম্বরে তারা সম্পদ বিবরণী দাখিল করেন।