গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের (৫২) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, ভুবন চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না।
শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত ভুবন চন্দ্রকে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি সেই হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
ভুবনের শ্যালক পলাশ চন্দ্র শীল বলেন, চিকিৎসায় ভুবন সাড়া দিচ্ছেন না। যেকোনো দুঃসংবাদের জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গতকাল শনিবার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। তবে আজ বেলা ১১টা থেকে ভুবনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।