১৮তম হামিল্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দক্ষিণ এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে এক শটে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র ‘নট এ ফিকশন’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি। উৎসবের মূল প্রতিযোগিতায় স্পেন, গ্রিস, নিউজিল্যান্ড, জর্ডান, বতসোয়ানা, কেম্যান আইল্যান্ড আর যুক্তরাজ্যের ৭টি চলচ্চিত্রের সঙ্গে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে লড়ার ‘নট এ ফিকশন’। কানাডার অন্টারিওতে আগামী ২১ থেকে ২৯ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে এই উৎসব। আগামী ২৩ অক্টোবর স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। যেখানে পরিচালক-প্রযোজকসহ ছবির কলাকুশলীদের একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এই উৎসবের মূল আকর্ষণ হচ্ছে কানাডিয়ান ফিল্ম মার্কেট, যাতে অংশ নেবে ছবিটি। কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং ফেস্টিভ্যাল এটি। হামিল্টনের পর কানাডার এমন আরও দুটি কোয়ালিফাইং উৎসবে সিলেকশন পেলে ছবিটি কানাডার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ‘কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে পারবে বাংলাদেশি সিনেমা ‘নট এ ফিকশন’।
৪ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ফিল্মটি মাত্র ১০০ ডলারেরও কম খরচে নির্মিত হয়েছে। শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, রুদ্রনীল আহমেদ, ঐশিক সামি আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ‘নট এ ফিকশন’ আরও বেশ কিছু বড় চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনের অপেক্ষায় আছে।