টাটকা ইলিশ চেনার উপায়

ইলিশের এই মৌসুমে সবাই চান টাটকা ইলিশ মাছ কিনতে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না টাটকা ইলিশ কেমন। যার ফলে ইলিশ কিনতে গিয়ে বিড়ম্বনার শিকার হন। তাই টাটকা ইলিশ মাছ কীভাবে চিনবেন জেনে নিন।

 নদীর টাটকা ইলিশ বিশেষ করে পদ্মা আর মেঘনার ইলিশের রঙ উজ্জ্বল রুপালি। অন্যদিকে হিমায়িত সমুদ্রের ইলিশের রঙ অনুজ্জ্বল, ফ্যাকাশে ধরনের। আবার মেঘনার ইলিশের দুপাশ সুরু ও পাশের কাঁটা ধারাল।

 ইলিশ কেনার আগে অবশ্যই মাছের কানকো ভালো করে দেখে নেওয়া উচিত। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল রঙের। আর হিমায়িত বাসি ইলিশ হলে কানকো হবে বাদামি বা কালচে রঙের।

টাটকা ইলিশের চোখ স্বচ্ছ আর উজ্জ্বল হয়। হিমঘরে রাখা ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে থাকে। আর ঘোলাটে হয়। চোখের মধ্যে রক্ত জমে থাকে।

 পদ্মা-মেঘনায় যেসব ইলিশ পাওয়া যায় তা হয় অনেকটা গোলাকার। অর্থাৎ মাছের পেটের অংশ হয় মোটা আর চওড়া। কিন্তু সমুদ্রের ইলিশের পেটের দিকটা সরু হয়। দেখতে অনেকটা লম্বাটে।

 টাটকা ইলিশ শক্ত থাকে। অনেক সময় বাজারে দেখা যায়, ইলিশ মাছ বাঁকা হয়ে আছে। এটাই হলো সদ্য ধরা ইলিশের সবচেয়ে বড় লক্ষণ। টাটকা ইলিশ হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের পরিবর্তন হবে না। অন্যদিকে হিমায়িত বাসি ইলিশ নরম হয়ে যাবে। হাতে দিয়ে পেটের কাছে ধরলেই মাথা ও লেজা নিচের দিকে হেলে পড়বে।