নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গতকাল রবিবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নাটোর-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। গতকাল রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি এ ফলাফল ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা কেউ মনোনয়ন জমা দেননি।