চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা পাকিস্তানি সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার ইমরান রিয়াজ খান আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘরে ফিরেছেন। তার পরিবার ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গত মে মাসে সাবেক এই টিভি উপস্থাপককে ওমান যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
ইউটিউবে প্রায় ৩০ লাখেরও বেশি ফলোয়ার আছে ইমরান রিয়াজ খানের। গত ১১ মে গ্রেপ্তার হওয়ার পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, পাকিস্তানে কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে। আমাকে চুপ থাকতে বাধ্য করা হচ্ছে।
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সোচ্চার সমর্থক এই সাংবাদিক। তার ছোট ভাই উসমান রিয়াজ খান আল জাজিরাকে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া শিয়ালকোট পুলিশ এক্স বার্তায় জানিয়েছে, সাংবাদিক ইমরান রিয়াজ খানকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এখন তিনি তার পরিবারের সঙ্গে আছেন। যদিও কোথা থেকে ওই সাংবাদিককে উদ্ধার করা হয়েছে তা জানায়নি পুলিশ। এ বিষয়ে জানতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনও মন্তব্য করেননি।
দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার দুই দিন পর সাংবাদিক ইমরান রিয়াজ খানকে গ্রেপ্তার করা হয়। যদিও তাকে গ্রেপ্তারের চার দিন পর পুলিশ লাহোরের একটি আদালতকে জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ওই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু তার কোনও হদিস পাওয়া যায়নি। পুলিশ তাকে হেফাজতে রাখার বিষয়টি অস্বীকার করেছিল।
পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি রেকর্ড আছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে এটির অবস্থান ছিল ১৫০তম।