ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর দুই বন্দির মধ্যে মারামারিতে জুনায়েদ (২৬) নামে একজন আহত হয়েছেন। তার হাত ও পেটে যখম হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে তাকে।
কারাগার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ভেতর একটি ওয়ার্ডে জুনায়েদ ও আরেক বন্দির মধ্যে হাতাহাতি বাধে। একপর্যায়ে জুনায়েদকে কোনো কিছুর টুকরো দিয়ে আঘাত করে ওই বন্দি। এতে তার হাত ও পেটে যখম হয়।
রক্তাক্ত অবস্থায় তাকে রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী রাসেলসহ আরও কয়েকজন মিলে জুনায়েদ নামে ওই বন্দিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে রাতেই তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।