সরকার কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে: ফখরুল

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজ আমাদের নিতে হবে। আর এখন একটাই লক্ষ্য, কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আপনি অবিলম্বে পদত্যাগ করুন। কোনো তালবাহানা করবেন না। এ দেশের মানুষ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। আর এক মার্কিন ভিসা নীতিতেই মাথা খারাপ হয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা এতো চুরি করেছে, এতো লুটপাট করেছে যা নজিরবিহীন। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, এ সরকারকে সহযোগিতা দিতে গিয়ে প্রশাসনের কিছু কিছু লোকও চুরি-লুটপাটের সঙ্গে জড়িয়েছে। এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে! এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।’

সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। এ সরকার শুধু মাত্র রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই-দুইবার প্রহসন ও তামাশার নির্বাচন করে ক্ষমতায় বসেছে। আবার তারা সব আটঘাট বেধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।