জামালপুরে ৪ ক্লিনিক সিলগালা

জামালপুর পৌর শহরে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অভিযোগে চারটি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনা লাইসেন্সে ক্লিনিক পরিচালনা করার অভিযোগ পৌর শহরের শেখের ভিটা এলাকায় পিউর ল্যাব অ্যান্ড হাসপাতাল ও মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, দড়িপাড়া বাইপাস এলাকায় ডক্টরস হাসপাতাল এবং বাগেরহাটা বটতলা এলাকায় সফিক হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা জোড়দারের নির্দেশে নিয়মিত অভিযানের পাশাপাশি এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী দিনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন আক্তারুজ্জামান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো.আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা.সাজিদা হোসেন প্রাপ্তিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।