চিরবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। তাদের বিয়েতে তারকাদের সমাবেশ যে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই রাঘব-পরির বিয়েতে অত্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হয়। তাদের বিয়েতে ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিয়ের কোনো ভিডিও ও ছবি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য যারা হোটেলে প্রবেশ করেন, তাদের প্রত্যেকের মুঠোফোনের ক্যামেরায় নীল রঙের ‘টেপ’ লাগিয়ে দেওয়া হয়।
বিয়ের দুদিন আগে থেকেই উদয়পুরের লীলা প্যালেস আলোয় আলোয় ঝলমল করছিল। সেখানেই গত ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাঘব ও পরিণীতি। রাঘব আর বরযাত্রীদের ঠিকানা ছিল তাজ লেক প্যালেস। বেলা ৩টা নাগাদ রাঘব তার পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে তাজ লেক প্যালেস থেকে নৌকায় চেপে লীলা প্যালেসে পৌঁছেছিলেন। আর অন্য নৌকায় ছিল ব্যান্ড পার্টির দল। রাজস্থানি আর পাঞ্জাবি আন্দাজে পুষ্পবৃষ্টির সঙ্গে বরযাত্রীদের লীলা প্যালেসে স্বাগত জানানো হয়েছিল। সমগ্র প্যালেস সাদা ফুল আর একই রঙের পর্দা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এরপর অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল করে বিয়ে করেছিলেন তারা। বিদায় বেলায় পরিণীতি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তার দুচোখ জলে ভরে উঠেছিল। রাঘব তার নবপতœীকে সাদা ফুল দিয়ে সাজানো ভিন্টেজ গাড়ি করে নিয়ে এসেছিলেন। সন্ধ্যা থেকেই লীলা প্যালেস আলোয় আলোয় ঝলমল করে উঠেছিল। এরপর রাতে ছিল জমকালো পার্টি। রাঘব-পরিণীতির বিয়ের লুক প্রথমে প্রকাশ্যে না এলেও, নবদম্পতির পার্টি লুকের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই ছবিতে নবদম্পতিকে একসঙ্গে পাশাপাশি দেখা গেছে।
তাই গত রবিবার সন্ধ্যা থেকে সবাই বর-কনেকে এক ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত, রাত পার হয়ে সকাল। অবশেষে গতকাল সকালে নবদম্পতি রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। ভক্তদের কাছে তারা ‘রাঘণীতি’। এক মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয় রাঘব আর পরিণীতির ভালোবাসামাখা বিয়ের ছবিগুলো। সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি পরে এই সন্ধ্যায় রাঘব হয়ে উঠেছিলেন রূপকথার রাজপুত্র। আর পরিণীতির পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা-চোলি, মাথায় একই রঙের ওড়না, হিরে ও পান্নার অলংকার। তার ওড়নাতে সোনালি সুতোর কারুকাজে জ্বলজ্বল করছিল ‘রাঘব’-এর নাম। একেবারেই অল্প মেকাপে কনেবেশী পরিণীতি এই সন্ধ্যায় হয়ে উঠেছিলেন অপরূপা। তাদের দুজনের পোশাক ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।
পাত্র-পাত্রী দুজনেই পাঞ্জাবি। তাই বিয়ের সব আচার-অনুষ্ঠান পাঞ্জাবি রীতি অনুযায়ী হয়েছে। তাদের বিয়ের থিম রাখা হয়েছিল ‘পার্ল হোয়াইট’। বিয়েতে রাজনীতি তথা বলিউড সাম্রাজ্য থেকে কোন কোন তারকা আসছেন, পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া আসছেন কি না, বিয়ের রাতে বর-কনের বেশ, বিয়ের মেনু কী হবে এ নিয়ে দিন কয়েক বেশ জল্পনা-কল্পনা ছিল। এই হাই প্রোফাইল বিয়েতে শামিল হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, মনীশ মালহোত্রাসহ আরও অনেকে। গতকালই নবদম্পতির চ্যার্টার্ড প্লেনে দিল্লি পৌঁছেছেন। শোনা যাচ্ছে রাঘব আর পরিণীতি বিয়ে উপলক্ষে তিনটি পার্টির আয়োজন রাখতে চলেছেন। প্রথম পার্টিটি দিল্লিতে হওয়ার কথা। এই পার্টিতে রাজনৈতিক জগতের অনেক নেতাকে দেখা যাবে। ৩০ সেপ্টেম্বর চ-িগড়ে আর মুম্বাইতে তৃতীয় পার্টি রাখার কথা। শেষ পার্টিতে বিটাউন তারকাদের সমাগম হবে বলে জানা যায়।