জবিতে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন বরাদ্দ পাওয়া বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। গতকাল সোমবার হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা অনুযায়ী, বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে সিট পাবে না। তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে হলের যেসব ছাত্রীর মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাদেরও অতিদ্রুত হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী বা এমফিল ছাত্রী হলে থাকতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হঠাৎ করে নোটিস জারি করে আমাদের হল ছেড়ে দেওয়ার জন্য বলেছে, বিয়ে করা তো কোনো খারাপ কাজ নয়। তাছাড়া আমার স্বামী থাকে মফস্বল শহরে, আমি হল ছেড়ে দিলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর পড়াশোনায় প্রতিবন্ধকতা তৈরি করবে নাকি!

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা বলেন, আমরা বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছি। নতুন শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা হলে সিট পাওয়া ছাত্রীদের তালিকা প্রকাশ করেছি। তিনি বলেন, অধিকাংশের পড়াশোনা শেষ হওয়ার পরও তারা সিট ছাড়ছে না। অনেক ছাত্রী হলের সিটের জন্য কান্নাকাটি করে। হলে অনেক বিবাহিত মেয়ে আছে তারা আমাদের কাছ থেকে হল ছাড়তে সময় চাইতে পারে। আমরা সেটি বিবেচনা করব।’