সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে একটি প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) ম্যাচ বনানীর আর্মি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচটি অবলোকন কৃরেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুর। এছাড়াও বাংলাদেশ সফরত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন।

খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল ৫—০ গোলে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে পরাজিত করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক এনডেভার-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।