পনির টাটকা রাখবেন কী করে

পনির দিয়েই নানা রকমের সুস্বাদু পদ রান্না করা যায়। তাই অনেকেই একসঙ্গে অনেকটা পনির কিনে বাড়িতে রেখে দেন। কিন্তু সমস্যা হচ্ছে, পনির এক-দুদিন ঘরে রেখে দিলেই নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যায়। স্বাদও তেমন একটা থাকে না। তবে কয়েকটি টিপস মেনে চললে পনির দীর্ঘ সময় নরম ও টাটকা থাকবে।

পনির একটি পরিষ্কার হালকা ভেজা মসলিন কাপড়ে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে রাখুন। পনির দীর্ঘ সময় টাটকা রাখতে চাইলে, চার থেকে পাঁচ ঘণ্টা অন্তর এই কাপড়ের ওপর সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন।

রান্নার সময় কিছুটা পনির কেটে নিয়ে বাকিটা আবার কাপড়ে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ঢাকনা দেওয়া পাত্রে রাখুন। বাড়িতে মসলিন কাপড় না থাকলে ঢাকনা দেওয়া একটি পাত্রে খানিকটা পানি ভরে তাতে পনির রাখুন। তারপর পাত্রের ঢাকনা আটকে ফ্রিজে ঢুকিয়ে দিন।

পানিতে পনির নরম থাকে। এই উপায়ে পনির টাটকাও থাকে দীর্ঘ সময়। তবে প্রতিদিন এই পানি পরিবর্তন করতে পারবেন। দুই বা তিন দিনের বেশি পনির ফ্রিজে না রাখাই ভালো। প্যাকেট করা পনির কিনলে, বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটি ফ্রিজে রেখে দিন। প্যাকেট খুলে রাখবেন না, তাহলে পনির নষ্ট হয়ে যাবে। রান্না করার আধ ঘণ্টা আগে প্যাকেট কেটে বের করে নিন। অনেক সময় ফ্রিজ থেকে বের করার পর পনির শক্ত হয়ে যায়। পনির নরম করার জন্য, একটি পাত্রে কিছুটা পানি নিয়ে হালকা গরম করুন। তার মধ্যে অল্প লবণ দিন। পনির ছোট ছোট চৌকো করে কেটে এই পানিতে ভিজিয়ে রাখুন প্রায় আধা ঘণ্টা। পনির নরম হয়ে যাবে।