পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরায়াত মাহফিল, হামদনাত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী, মাসব্যাপী ইসলামি বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। বিজ্ঞপ্তি