আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকতে তার বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করারও নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজাম-পগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশ দেন আইজিপি।
সভায় অতিরিক্ত আইজিপিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা, রেঞ্জ ডিআইজিরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।
আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। তিনি স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। অতীতে যেভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে এবারও নিরাপদে নির্বিঘেœ আসন্ন দুর্গাপূজা পালিত হবে বলে আশা করি।’
সভায় উপস্থিত হিন্দুধর্মীয় নেতারা আসন্ন দুর্গাপূজা ঘিরে পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল স্থাপন করা হবে।
এ বছর আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উদযাপিত হবে।