বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিডিয়া প্রতিনিধিদল গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করে। চার সদস্যের মিডিয়া টিমের নেতৃত্ব দেন LEUT Geoffrey Long।
পরিদর্শনকালে প্রতিনিধিদল আইএসপিআরের কর্মকর্তা এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজ্যাব) প্রতিনিধিদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিফেন্স মিডিয়াসংক্রান্ত অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পরিচালক আইএসপিআর লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়া সমন্বয় এবং অন্যান্য বিষয়ে বাস্তবতার নিরিখে তার বক্তব্য তুলে ধরেন। এ ছাড়াও বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া থেকে আসা ডিজ্যাবের সদস্যরা আইএসপিআরের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ডিফেন্স টিমের সঙ্গে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়সহ মিডিয়াসংক্রান্ত কার্যক্রমের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।