ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের তিন দৃষ্টিপ্রতিবন্ধী ভাই সাইফুল ইসলাম (৩৫), শহীদুল ইসলাম (৩২) ও মোমিনুল ইসলাম (২৮)। তাদের বাবা মো. মোস্তফা প্রায় ১৫ বছর আগে মারা যান। তিন ভাই বাড়ির সামনে ছোট্ট একটি দোকান দিয়ে মুদি ব্যবসা করছিলেন। গত বৃহস্পতিবার রাতে সেই দোকানের চালের টিন কেটে সব মালামাল নিয়ে গেছে চোরের দল। দোকানের প্রায় সব মালামাল হারিয়ে এখন তারা পাগল প্রায়।
তিন সহোদর বলেন, জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী হলেও মানুষের কাছে হাত না পেতে চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়াতে। সবার সহযোগিতায় আমরা একটি মুদি দোকান দিয়েছিলাম। এখন আমাদের সব শেষ হয়ে গেছে।
তাদের মা ছকিনা বেগম জানান, সাইফুলের স্ত্রী রেজিয়া বেগম, শহীদুল ইসলামের স্ত্রী ফারজানা বেগমকে নিয়ে ছয় সদস্যের সংসার তাদের তিন ভাইকে চালাতে হয়। সাইফুলের বয়স যখন ১৩ বছর, মায়ের দেওয়া সামান্য পুঁজিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চকলেট, চুইংগাম, আচার বিস্কুট ইত্যাদি বিক্রি শুরু করেন। ধীরে ধীরে বাকি দুই ভাইও তার ব্যবসায় যুক্ত হন। তিন ভাইয়ের সামান্য সঞ্চয় আর মায়ের তৈরি করা ডালা-কুলা বিক্রির কিছু টাকা ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ওই মুদি দোকান দিয়েছিলেন। শুভপুর ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম বলেন, চুরির ঘটনা শুনেছি। সবার সহযোগিতা নিয়ে দোকানটি পুনরায় চালুর ব্যবস্থা করা হবে।