ডিবি পরিচয়ে ছিনতাই

দুজনকে গ্রেপ্তার করলেও উদ্ধার হয়নি ৯ লাখ টাকা

সাভারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে এক শিক্ষকের নয় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গত বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কোনো টাকা উদ্ধার করা যায়নি। গতকাল শুক্রবার পর্যন্ত র‌্যাব বা পুলিশ টাকা উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)।

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সাভারের রাজাসনের আইচা নোয়াদ্দা এলাকায় মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানকে ডিবি পরিচয়ে কয়েকজন মিলে অটোরিকশা থেকে নামিয়ে একটি প্রাইভেট কারে তুলে নেয়। পরে তার চোখ বেঁধে মারধর করে তার কাছে থাকা নয় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে হাত-পা বেঁধে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে যায় ওই চক্রের সদস্যরা।

ভুক্তভোগী হাবিবুর রহমান জমি রেজিস্ট্রি করার জন্য সোনালী ব্যাংকের নবীনগর শাখা থেকে নয় লাখ টাকা তুলেছিলেন। সেখান থেকে বাসে সাভার বাসস্ট্যান্ডে এসে পরে অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় হাবিবুর রহমানের ভাই মাহবুবুর রহমান সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।