প্রতিদিন ব্যাগ, বই, খাতা নিয়ে ঠিক সময়ে স্কুলে হাজির হয় খুদে শিক্ষার্থীরা। কিন্তু পড়াশোনা আর হয় না। যাদের পড়ানোর কথা, তারা ব্যস্ত অন্য কাজে। স্কুলে এসে শিক্ষিকারা ব্যস্ত হয়ে পড়েন ইনস্টাগ্রাম রিলস বানানো নিয়ে। বাধ্য হয়ে সেই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে হয় শিক্ষার্থীদের। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি সরকারি স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলে নিয়মিত রিলস ভিডিও বানানো হয়। কোনও কোনও শিক্ষিকা সেই ভিডিওতে থাকেন, কেউ কেউ ভিডিও রেকর্ড করেন। এমন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম রবিপূজা।
ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ইচ্ছা না থাকলেও প্রতিদিন শিক্ষিকাদের রিলসে লাইক করতে হয়। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে করতে তারা ক্লান্ত। সেই কারণেই অভিভাবকেরা জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ওই স্কুলের এক ছাত্র বলেছে, ‘দিদিমণি স্কুলে এসে রিলস তৈরি করেন, আমাদের সেই ভিডিওতে লাইক দিতে হয়। না করলে মারবেন বলে হুমকি দেন।’ অন্য এক ছাত্রের দাবি, স্কুলে শিক্ষিকারা ছাত্রদের দিয়ে অন্য কাজও করান। বাসন ধোয়া, চা বানানোর মতো কাজ তাদের দিয়ে করানো হয় বলে অভিযোগ।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট শিক্ষিকারা। তাদের দাবি, শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এক অভিযুক্ত শিক্ষিকার কথায়, আমরা স্কুলের সময় শিক্ষার্থীদের মন দিয়ে পড়াই। কখনও কখনও স্কুলে ভিডিও বানাই, আর তা শিক্ষার্থীদের শেখানোর জন্য।