বিএনপি লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যলয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটির মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি কখনই জনগনের মঙ্গল চায় না। তারা চেয়েছিল করোনার সময় মানুষ মরে সাফ হয়ে যাক। মানুষ মরলে আওয়ামী লীগের বদনাম হবে, সরকারের পতন হবে। তারা লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ওয়াদা দিয়ে ভোট নিয়েছিল। তারা ক্ষমতায় গেলে উন্নয়ন করবে। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে ওয়াদা ভঙ্গ করেছিল। তারা উন্নয়ন করে নাই। ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। বিএনপি হচ্ছে মুনাফিক। মুনাফিকদের ভোট না দিয়ে আগামীতে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় বোমা হামলা করবে, জঙ্গি তৈরি করবে। তাদের তৈরি বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওয়ার্ডে, ওয়ার্ডে গিয়ে সমাবেশ ও উঠান বৈঠক করেন। আপনারা উন্নয়নের কথা বলেন মানুষকে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একত্রে কাজ করেন।
নেতাকর্মীদের আরো বলেন, বিএনপি মিথ্যাচার করলে প্রতিবাদ করবেন। তাদের জবাব দিয়ে আমাদের উন্নয়ন কথা বলে ভোট চাইবেন। উন্নয়ন অব্যাহত চাইলে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে জনগণকে বুঝাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি আবার দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। রাস্তাঘাট ব্লক, গাড়িতে আবার আগুন দিতে চায়, কল-কারখানা বন্ধ করতে চায়, উন্নয়ন ব্যাহত করতে চায়।
দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার, দরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. আলীনুর বকস রতন সহ আরও অনেকেই।
এ সময় ইউনিয়ন, উপজেলা ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।