বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। গণতন্ত্রের অধিকার চায়। একবার যখন '৭৫ সালে সংসদে ১১ মিনিটের ব্যবধানে আওয়ামী লীগ অবৈধভাবে গণতন্ত্রকে হরণ করে নিয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে অধিকার ও বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন।
অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আজ রবিবার সকালে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চের উদ্বোধনকালে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এসব কথা বলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, আলমগীর মাহমুদ প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যদি মর্যাদার সাথে বাঁচতে চান, হালাল উপার্জন করে বাঁচতে চান, নিজের ভোট নিজে দিতে চান তাহলে এ সরকারের পতন ঘটাতে হবে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে আমাদের এ লড়াইয়ে জিততে হবে।
পথসভা শেষে ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রোড মার্চ শুরু হয়।