মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে দুজনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৪৫) ও একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১৫ জনের একদল মুখোশ পরা লোক ঘরে প্রবেশ করে। তারা ঘরের লোকদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ চোখ নষ্ট কের দেয়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি, ডাকাতি করে পালানোর সময় দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে চোখ নষ্ট করে গ্রামবাসী। এ ঘটনায় পুলিশ আহত ওই দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আহত দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।