খুলনায় তিন ডিপো থেকে জ্বালানি উত্তোলন বন্ধ

খুলনায় তিন ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ব্যবসায়ী।

আজ রবিবার সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু করে তারা। তেল বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখবেন এমন ঘোষণা দিয়েছেন তারা। ধর্মঘটের কারণে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, ব্যবসায়ীদের দাবি ছিল ডিজেলের ২ দশমিক ৪ ভাগ, পেট্রল ও অকটেনের ৩ দশমিক ৩২ ভাগ থেকে কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। দাবির প্রেক্ষিতে সরকার কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। কিন্তু কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। সে কারণে আবারও ধর্মঘট শুরু করা হয়েছে। কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

শেখ মুরাদ হোসেন জানান, ২৬ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কমিশন বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি ১০০ টাকার অকটেন বিক্রিতে পাম্প মালিকরা ৪ টাকা ২৮ পয়সা, পেট্রল বিক্রিতে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে ২ টাকা এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবেন।