স্লোভাকিয়ায় জয়ী রুশপন্থি দল ইউক্রেনের শঙ্কা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত দেশ স্লোভাকিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে রাশিয়াপন্থি দল স্লোভাক সোশ্যাল ডেমোক্রেসি (এসএসডি)। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এবার নির্বাচনে এসএসডি প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছে। ধারণা করা হচ্ছে, মধ্য ইউরোপের দেশটিতে জনমতের এ প্রতিফলন ইউক্রেন নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইইউর ঐক্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিবিসি বলছে, গত শনিবার স্লোভাকিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির পরিসংখ্যান ব্যুরো জানায়, জনতুষ্টিবাদী ও মস্কোপন্থি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী রোবের্ত ফিচো নেতৃত্বাধীন দল এসএসডি ২২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে প্রগতিশীল দল হিসেবে পরিচিত প্রগেসিভ স্লোভাকিয়া (পিএস)। ইউক্রেনপন্থি পিএসের নেতৃত্ব আছেন মিশাল সিমেস্কা। এএসডির প্রধান রোবের্ত ফিচো এর আগে দুই মেয়াদে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।